সোনিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৩:৫২
তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়ার আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুরে তেতুলিয়ায় মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
 
তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজ এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সোনিয়ার শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও তেতুলিয়া পাইলট স্কুল ও তেতুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ, নারী উন্নয়ন ফোরাম ও তেতুলিয়ার সর্বস্তরের মানুষ অংশ নেন। তেতুলিয়া চৌরাস্তায় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনের শুরুতে সোনিয়ার আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। মানববন্ধন চলাকালে সকল সড়ক মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
 
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 
মানববন্ধনে মোবাইলে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, সাবেক মহিলা সাংসদ ফরিদা আখতার হীরা, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, নারী উন্নয়ন ফোরামের নেত্রী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মকলেছার রহমান, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, ক্রীড়া সংগঠক শাহাদত হোসেন রঞ্জু, শিক্ষক আতাউর রহমান, খন্দকার সামসুজ্জোহা নিয়াজী, শিক্ষার্থী ফাতেমা আক্তার ও সাদমান সাকিব প্রমুখ বক্তব্য দেন।

ইত্তেফাক/এএম।