নড়াইলের কালিয়ায় বিয়ের নাটক সাজিয়ে ভারতের পতিতালয়ে এক নারীকে বিক্রয় করার মামলায় ফোরকান শেখ (৪৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে উপজেলার পেড়লী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
উপজেলার শীতলবাটি গ্রামের তানজিলা বেগম নামে এক ভুক্তভোগী নারী শনিবার রাতেই কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরনে জানা যায়, উপজেলার পেড়লী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও পেড়লী গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে ফোরকান শেখ বিগত ২০০৯ সালের ১০ জানুয়ারী সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শীতলবাটি গ্রামের মৃত খোকা শেখের মেয়ে তানজিলা বেগমকে বিয়ের নাটক তৈরি করে। এবং কয়েক দিনের মধ্যে বেড়ানোর নাম করে তাকে ভারতে নিয়ে যায়। অতপর বোম্বে শহরের গ্রান্ডরোড পতিতালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে তানজিলাকে বিক্রি করে দেয়। দীর্ঘ ৮ বছর পর সম্প্রতি তানজিলা কৌশলে ওই পতিতালয় থেকে পালিয়ে দেশে ফিরে আসে। গ্রামে ফিরে আসার অপরাধে ফোরকান ও তার সহযোগী একই গ্রামের আক্কাচ শেখের ছেলে আল আমিন শেখ তানজিলাকে মারপিট করলে তিনি ওই দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেছেন, মানব পাচার মামলার মূল আসামি ফোরকানকে গ্রেফতারের করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জামান
