ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:১৬
 
দিনাজপুরের ঘোড়াঘাটে বালু বোঝাই ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেছেন। আজ রবিবার বেলা ১টার দিকে দিনাজপুর-বগুড়া মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়ন পরিষদের সামনে বগুড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (দিনাজপুর-জ ১১-০০৪৬) ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলির সংঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যাত্রীবাহী বাসটি পার্শ্বে একটি দোকানের ভেতরে ঢুকে উল্টে যায়। 
 
ঘটনাস্থলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মৃত আরফান আলীর ছেলে মোটরশ্রমিক নূর ইসলাম (৪৫) ও নবাবগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মোতালেবের মেয়ে মোছা. মিথিলা (১৩) নিহত হয়। অপরদিকে বাসে থাকা আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করেছে। 
 
আহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার মোল্লাপাড়া গ্রামের মো. করিম শেখের ছেলে রবিউল ইসলাম (৪০), দিনাজপুর সদরের আব্দুল রাজ্জাকের ছেলে আশিক (৩০)  ও বিরামপুরের মশিউদ্দিনের ছেলে সাজ্জাদ (২৫)। এদের মধ্যে উপরের তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে