বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁয়েছেন সাকিব। তিনি ভেঙেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রেকর্ড। ক্যালিস এই ‘ডাবল’ ছুঁয়েছিলেন ২২১ ম্যাচে। সাকিবের লাগল মাত্র ১৭৮ ম্যাচ।
পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল ১৭ রান। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ান প্রিটোরিয়াসের বল থার্ডম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন সাকিব। প্রথমজন তামিম ইকবাল।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। চলতি সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ইত্তেফাক/ইউবি
