প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, তানোরে যুবক গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:০৯
রাজশাহীর তানোরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য লিখে পোস্ট দেয়ায় বিএনপি সমর্থক এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তানোর উপজেলার পাঁচন্দর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার বাদী হয়ে মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে তানোর থানা পুলিশ আসামি ওই যুবককে গ্রেফতার করে রবিবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত রাশিকুল ইসলাম (৩০) উপজেলার পাচন্দর ইউপির লালপুর গ্রামের জনৈক সাদিকুল ইসলামের ছেলে। তাদের পুরো পরিবার বিএনপির অনুসারী বলে জানা গেছে।
  
এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার লালপুকুর গ্রামের সাদিকুল ইসলামের পুত্র রাশিকুল ইসলাম (৩০) তার নিজ নামে খোলা ফেসবুক পেইজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য লিখে পোস্ট করেন। বিষয়টি এলাকার ফেসবুক ব্যবহারকারীসহ পাঁচন্দর ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফ্ফার দেখে ক্ষুব্ধ হন। এরপর গত ১৪ অক্টোবর শনিবার রাতে আব্দুল গাফ্ফার বাদী হয়ে রাশিকুল ইসলামকে একমাত্র আসামি করে তানোর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে শনিবার রাতেই তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গ্রেফতার যুবককে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই