সাতক্ষীরায় দুই দিনের অ্যাপ্রেনটিচশিপ প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:০২
 
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অ্যাপ্রেনটিচশিপ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহসিন-উল-মুলক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট আসাদ-উজ-জামান।
 
প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২০টি অপ্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রের মালিক/ওস্তাদরা অংশগ্রহণ করেন। প্রতিটি কর্মক্ষেত্রে দুইজন করে ২০টি কর্মক্ষেত্রে ৪০ জন বেকার যুবক-যুবমহিলা গত ১ অক্টোবর থেকে অ্যাপ্রেনটিচশিপ বা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করছেন। 
 
এ প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস। তারা সপ্তাহে ছয় দিন হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি একদিন করে তাত্ত্বিক প্রশিক্ষণ লাভ করছেন। প্রশিক্ষণ শেষে তারা সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)- এর সনদ লাভ করবেন।
 
কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন এটুআই প্রোগ্রামের স্কিলস ফর এমপ্লয়মেন্ট বিষয়ক ন্যাশনাল কনসালট্যান্ট ফিরোজ আলম মোল্লা। এ সেশনে ওস্তাদেরকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের নীতিমালা, অ্যাপ্রেনটিচশিপ প্রোগ্রাম বাস্তবায়নের কৌশল, শিশুশ্রম ও পেশাগত নিরাপত্তা বিষয়ক ধারণা প্রদান করা হয়। যাতে করে তারা প্রোগ্রামটি বাস্তবায়নের সময় এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে পারেন। এ প্রোগ্রামে সহযোগিতা করছে আইএলও -এর বি-সেফ প্রকল্প।
 
ইত্তেফাক/কেকে