রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে র্যাব ও সিআইডি অফিসার পরিচয়ে চাঁদাবাজি এবং প্রতারণার অভিযোগে চক্রের মূল হোতা আবুল কালাম আজাদ ওরফে মোস্তাফিজুর রহমান (৫৯) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-২ সদস্যরা।
রবিবার বিকালে শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-২ এর অধিনায়ক জানান, বিকালে এক ব্যক্তির কাছ থেকে আজাদ র্যাব ও সিআইডি অফিসার পরিচয়ে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে র্যাবের লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ জানায়, বিভিন্ন অসাধু ব্যবসায়ীসহ মাদক ব্যবসায়ীদেরকে সে র্যাব ও সিআইডি পুলিশের কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে হুমকি ও ভীতি প্রদর্শন করে অবৈধভাবে আর্থিক সুবিধা নিয়ে আসছিল। দীর্ঘদিন ধরে সে এই কাজ করছে।
ইত্তেফাক/এমআই
