অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে : মাশরাফি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১০:০৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ রান করেও ১০ উইকেটে হেরে লজ্জায় পড়েছে বাংলাদেশ দল। ব্যাট হাতে মুশফিকের সেঞ্চুরিতে মোটামুটি ভাল স্কোর গড়লেও বল হাতে কোনো সাফল্যই দেখাতে পারেনি মাশরাফি বাহিনী। তাই ‍তিন ম্যাচ সিরিজে ১-০-তে এগিয়ে গেছে স্বাগতিকরা। এ অবস্থায় আগামী ১৮ অক্টোবর সিরিজের পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
 
কিম্বার্লিতে প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এসব উইকেটে যদি দুই পাশ থেকে পার্টনারশিপ বোলিং না করা যায়, তাহলে উইকেট পাওয়া খুব কঠিন। আমরা যে বোলিং করেছি, আমি নিশ্চিত সব বোলার চিন্তা করবে এটা নিয়ে। অবশ্যই এই বোলিং তাদের নিজেদের পরিকল্পনায় ছিল না। এখান থেকে অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
 
ম্যাচে নিজেদের প্রতিযোগিতায় রাখতে বাংলাদেশ সম্ভাব্য সবই করেছে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘সম্ভাব্য সবই আমরা করছি। কিন্তু ফল আমাদের পক্ষে আসছে না। মানসিকতা ইতিবাচক রাখার চেষ্টা করছি। মাঠে সবকিছু বাস্তবায়ন করার চেষ্টা করছি। তবে আজ যে বোলিং করেছি তা হতাশাজনক। যদি ম্যাচের মাঝামাঝি সময়ে ৫-৬ উইকেট নিতে পারতাম, ম্যাচ আমাদের পক্ষেও থাকতে পারত। ব্যাটিং সে তুলনায় আজ ভালো হয়েছে। এ ধরনের কন্ডিশনে দুদিকেই (ব্যাটিং-বোলিং) ভালো না করলে আমাদের জেতা কঠিন হবে।’
 
এরপরও বাংলাদেশ যেভাবে হেরেছে তাকে একেবারেই ভাবনার বাইরে বলে উল্লেখ করেছেন মাশরাফি। তিনি বলেন, বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি। স্কোর বোর্ডও সে কথাই বলছে। এই উইকেটে ২৮০ রান নিয়েও জেতা সম্ভব ছিল। যদি আমরা শুরুতে উইকেট নিতে পারতাম। দুই দিক থেকেই আমরা যদি চাপ তৈরি করতে পারতাম, তাহলে হয়তো সম্ভব হতো। এসব উইকেটে যদি দুই পাশ থেকে পার্টনারশিপ বোলিং না করা যায় তাহলে উইকেট পাওয়া খুব কঠিন। তারপরও যা হয়েছে, তা আমাদের একেবারেই ভাবনার বাইরে। আমরা একটা উইকেটও নিতে পারিনি এখানে।’
 
ইত্তেফাক/কেআই