সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর হায়দারপাড়া থেকে রিপন আলী শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রিপন আলী শেখ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার মোজাহার আলী শেখের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, মিরপুর হায়দারপাড়া চাঁন মিয়ার বাড়িতে রিপনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
নিহতের চাচাতো ভাই আল আমিন বলেন, গত ৪ মাস আগে প্রেম করে তার খালাতো বোনকে বিয়ে করে রিপন। বিয়ের এই বিষয়টি মেনে নিতে পারেননি তার শ্বশুরবাড়ির লোকজন। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। এরই জের ধরে রিপনকে হত্যা করা হতে পারে।
ইত্তেফাক/এএম।
