নানা আয়োজন ও উত্সবের আমেজে কুষ্টিয়া মেডিকেল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল নয়টায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন মেডিকেল কলেজের ডাক্তার ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
পরে জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম। অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার এসএম মুসতানজিদের সভাপতিত্বে মেডিকেল কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, কুষ্টিয়া মেডিকেল কলেরে প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ, বিএমএ সাধারণ সম্পাদক এএফএম আমিনুল হক রতন, কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাসানু্জ্জামান, ম্যাটসের অধ্যক্ষ ডাক্তার মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইজাল আলী খান প্রমুখ। অন্যান্যের মধ্যে মেডিকেল কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক চৌধুরী, প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার আশরাফুল হক দারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে শেখ হাসিনার অঙ্গীকারের সফল বাস্তবায়ন কুষ্টিয়া মেডিকেল কলেজ।
ইত্তেফাক/এএম।
