শ্রীবরদীতে বিদ্যালয়ে ঢুকে শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে। উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ৭৫ নং সরকারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনুল হক স্বপন বাদী হয়ে মেহেদী হাসানকে (২৪) প্রধান আসামি করে পাঁচজনের নামসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে গত ১২ অক্টোবর শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর দুপুরে বিদ্যালয় চলাকালীন অফিস কক্ষে ঢুকে মেহেদী হাসান ওই শিক্ষকের কাছে বিদ্যালয় উন্নয়নের জন্য বরাদ্দকৃত স্লিপ প্রকল্পের টাকা থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সে ও তার সঙ্গীয় লোকজন ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার লুত্ফুন নাহারকে শারীরিকভাবে লাঞ্চিত ও অফিস কক্ষ ভাঙচুর করে।
এ ব্যাপারে প্রধান আসামী মেহেদী হাসানের মোবাইল ফোনে যোগাযোগে করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।
এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়েছে। ঘটনার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি হ্রাস পেয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র মারুফ ও অপন মিয়া বলে, বিদ্যালয়ে ঢুকে বাইরের লোকজন স্যারকে হামলা করায় আমরা ভীত সন্ত্রস্ত। স্থানীয় এক শিক্ষানুরাগী প্রভাষক আঃ বারী বলেন, এভাবে শিক্ষকের ওপর হামলা হলে শিক্ষার পরিবেশ বিনষ্ট হবে, পাশাপাশী শিক্ষার হার হ্রাস পাবে। তাই অভিযুক্ত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবী জানান তিনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায় বলেন, কর্মস্থলে শিক্ষকের উপর হামলার বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে আহত শিক্ষক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এএম।
