বরিশালের উজিরপুরে এক ছাত্রীর উপর বখাটের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হক বলেছেন, পত্রিকায় দেখতে পেলাম বরিশালের উজিরপুর এলাকায় একজন ছাত্রীর উপর বখাটে হামলা করেছে। বখাটের ওই হামলায় তার মুখমণ্ডলসহ তার শরীরে ১৬টি সেলাই করতে হয়েছে।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করে বিচারপতি কাজী রেজা-উল হক বলেন, এ ধরনের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদেরকে জানান। সোমবার খোলা ট্রাকে বর্জ্য পরিবহন সংক্রান্ত মামলার শুনানি শেষে একথা বলেন তিনি।
আজ সোমবার একটি জাতীয় দেনিকে ‘বরিশালে বখাটের ক্ষুরের আঘাতে কলেজছাত্রী জখম’ শিরোনামে প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত এই উদ্বেগ প্রকাশ করেছেন।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বরিশালের উজিরপুরে এক বখাটে ধারালো ক্ষুরের আঘাতে বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে (১৯) গুরুতর আহত করেছে। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে উজিরপুরের শোলক ইউনিয়নের ধামুরায় কলেজছাত্রীর ওপর এ হামলা হয়। এ ঘটনায় গতকাল রোববার তাঁর মা উজিরপুর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও প্রধান আসামি আলাল সরদার (২২) পলাতক।
ইত্তেফাক/কেআই
