কুষ্টিয়ায় ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:১৯
কুষ্টিয়ার মিরপুরে পরকিয়ার জের ধরে নিজের দুই বছরের শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। 
 
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাদিমপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী হেনা বেগম (২৮) তার শোয়ার ঘরে একমাত্র শিশু পুত্র হাসিবুল ইসলাম হাসিবকে (২) গলাটিপে হত্যা করে। পরে সিলিং ফ্যানে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। পুলিশ লাশ দু’টি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 
 
আব্দুল করিমের চাচাত ভাই সাইদুর রহমান মন্টু জানান, হেনা বেগমের সাথে পার্শ্ববর্তী তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়ার তার মায়ের বাড়ির পাশে জনৈক মানিকের সাথে পরকিয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগে বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। আজ সোমবার সকালেও দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর আব্দুল করিম বাজারে দুধ বিক্রি করতে যায়। এ সময় স্ত্রী হেনা বেগম নিজের ঘরে প্রথমে দুই বছরের শিশু পুত্র হাসিবুলকে গলাটিপে মৃত্যু নিশ্চিত করে নিজে ঘরের সিলিং ফ্যানে ওড়না দিয়ে আত্মহত্যা করে।
 
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি) সার্কেল নূর-ই-আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ছেলেকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। 
 
ইত্তেফাক/এমআই