গাইবান্ধায় নৌকাডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:২৬
গাইবান্ধা সদর উপজেলার গোঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ আব্দুল লতিফ (৩৮) ও ফুল মিয়া (৩৫) নামে দুই যুবকের লাশ দুইদিন পর ভেসে উঠেছে। 
 
সোমবার ব্রহ্মপুত্র নদের সাঘাটা উপজেলার উল্ল্যাভরতখালি থেকে আব্দুল লতিফের লাশ ও ফুলছড়ি উপজেলার চর কালাসোনা থেকে ফুল মিয়ার লাশ পুলিশ জানার আগেই পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়। 
 
নিহত আব্দুল লতিফ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের ফজলার রহমানের ছেলে ও কামারজানি ইউনিয়ন স্বাস্থ্য সহকারি পদে কর্মরত ছিলেন। এবং নিহত ফুল মিয়া একই গ্রামের মহির উদ্দিনের ছেলে। 
 
ফুলছড়ি থানার ওসি আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, লাশ দু’টি ওই দুই এলাকার লোকজন নদীতে ভাসতে দেখার পর খবরটি চারদিকে ছড়িয়ে পড়ে। পুলিশ লাশ উদ্ধারে গিয়ে জানতে পারে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছেন। 
 
প্রসঙ্গত, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাকির সালাম জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য গত ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ২৫ জনের একটি দল প্রশিক্ষণ নিচ্ছিল। হটাৎ তাদের নৌকাটি গোঘাট এলাকায় ডুবে যায়। বাকিরা সবাই সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হলেও আব্দুল লতিফ ও ফুল মিয়া নিখোঁজ হন। পরে তাদের দু’জনকে উদ্ধারে ডুবরি দল তৎপরতা চালায়। 
 
ইত্তেফাক/এমআই