সিলেটের জকিগঞ্জে ইছামতি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছয়ফুল আলম (১৮) নিখোঁজের দুই দিন পর তার লাশ বাড়ির পাশের খাল থেকে কাদাচাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
ছয়ফুলের পরিবার সুত্রে জানায়, গত শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যাবার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে বাড়ির পাশের একটি খাল থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন সেখানে গিয়ে কাদাচাপা অবস্থায় ছয়ফুল আলমের লাশ দেখতে পান। পরে বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের লাশ কাদাচাপা অবস্থায় পুলিশ এসে উদ্ধার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুুলিশ সুুপার (জকিগঞ্জ সার্কেল) মোস্তাক সরকার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে ঘটনার রহস্য পাওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতরা ধরা পড়বে। এদিকে ইছামতি ডিগ্রি কলেজের ছাত্র নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ইত্তেফাক/কেকে
