গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা রবিবার বিকেলে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ছাইদার রহমান ও বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম।
পিপি অ্যাড. শফিকুল ইসলাম শফিক জানান, ২০১২ সালের ৬ মার্চ আলিম উদ্দিনের বাড়ির সামনে রেখে দেওয়া শুকনো পাতায় ছোট বাচ্চা প্রস্রাব করাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে দক্ষিণ শ্রীপুর গ্রামের খাজা মিয়ার ছেলে সাদেকুল ইসলামকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ বাচ্চু মিযা, ছাইদার রহমান ও নাজমা বেগম। পরবর্তীতে সাদেকুল চিকিৎসাধীন অবস্থায় ৮মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এঘটনায় তার বাবা খাজা মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যার ঘটনায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এই আদেশ দেন।
ইত্তেফাক/আরকেজি
