বরিশালের অশ্বিনী কুমার টাউন হলের কাছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অস্থায়ী দোকানে অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। সোমবার এ অভিযান চালানো হয়।
জানা যায়, সোমবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সিটি কর্পোরেশন র্যালির আয়োজন করে। সকাল ৯টার দিকে র্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার টাউন হলের সামনে শেষ হয়।
র্যালি শেষে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান টাউন হলের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করার জন্য দোকান মালিকদের পরামর্শ দিলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করে বিসিসির রোড ইন্সপেক্টরদের পাঠিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদের নির্দেশ দেন। বেলা ১১টার দিকে বিসিসির রোড ইন্সপেক্টর জাহাঙ্গীর ও বাবুসহ উচ্ছেদ শাখার কর্মচারীরা দোকান উচ্ছেদ করেন।
ইত্তেফাক/আরকেজি
