সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহকর্মীকে (বিধবা)ধর্ষণের অভিযোগ উঠেছে। সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার বাড়িতে কাজ করেন ওই গৃহকর্মী।
এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩জনকে আসামি করে রবিবার সকালে মামলা করেছেন। তারা হলেন-উপজেলার সোনাখাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল রিপন, মকবুল হোসেন এবং ফরিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাসাইল গ্রামের ওই গৃহকর্মী সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার বাড়িতে কাজ করেন। কিছুদিন আগে সংসদ সদস্য হজ পালন করতে যান।
তখন ওই গৃহকর্মীর সাথে বাসাইল গ্রামের সোলেমান হোসেনের ছেলে ফরিদুল ইসলামের (৩৩) প্রেম হয়। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া ওই গৃহকর্মীর কাছ থেকে ফরিদুল ৪০ হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তাকে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ফরিদুল তার বাড়িতে নিয়ে আসেন। এদিকে তিনি ইউপি চেয়ারম্যান রিপন ও মকবুল হোসেনকে খবর দেন। পরে তারা তিনজন মিলে তাকে ধর্ষণ করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়রা বিচারের আশ্বাস দিয়ে নানা তালবাহানা শুরু করেন। অবশেষে নিরুপায় হয়ে গৃহকর্মী বাদী হয়ে রবিবার সকালে ৩জনকে আসামি করে মামলা করেন।
আবু হেনা মোস্তফা কামাল রিপন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।
ইত্তেফাক/আরকেজি
