বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো : আইওএম ডিজি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২১:২৫
 
জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বলেছেন, বিশ্বের সব চেয়ে মানবিক বিপর্যয় রোহিঙ্গা সংকট। তাই বিশ্ব সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।
সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও নাইক্ষ্যংছড়ির ঘুমধুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লব ঘুরে দেখেন এবং নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
 
তিনি আরো বলেন, রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ কাজ করছে। সরকার ও স্থানীয় সম্প্রদায়ের মানবিক সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে। তাদের সার্বিক সমস্যা সমাধানে আইওএম প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করছে। রোহিঙ্গাদের জীবন রক্ষায় মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রদানে প্রয়োজনীয় সম্পদ জোগাড় এবং তা সঠিক ভাবে বিতরণে যথাযথ ভাবে নিবন্ধীকরণ প্রয়োজন।
 
এর আগে বেলা ১১টার দিকে বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পরে কুতুপালং রেজিস্ট্রি ক্যাম্পের মেকশেফট সেটেলমেন্ট পরিদর্শন করেন।
 
 
ইত্তেফাক/আরকেজি