‘ব্লু হোয়েল’: শ্রীপুরে হাত কেটে তিমি আঁকার ভিডিও

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২২:০৯
 
গাজীপুরের শ্রীপুরে ‘ব্লু হোয়েল’ গেমে আসক্ত এক স্কুল শিক্ষার্থী খোঁজ পাওয়া গেছে। রাবিক (১৪) নামের ৬ষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী উপজেলার বহেরারচালা গ্রামের শামছুল হকের ছেলে। সে দারগারচালা গ্রামের গাজীপুর মেরিডিয়ান স্কুলের ছাত্র। সোমবার সকালে স্কুলে এলে তার হাতে আঁকা রক্তাক্ত নীল তিমি সদৃশ্য ছবি দেখে শিক্ষকরা তাকে আটক করে পরিবারকে খবর দেন।
 
গাজীপুর মেরিডিয়ান স্কুলের প্রধানশিক্ষক বিল্লাল হোসেন জানান, রাকিব সকাল থেকে স্কুলে এসে ক্লাস করছিল। দুপুরের দিকে হঠাৎ তার সহপাঠীদের একজন রাকিবের হাতে কোন কিছু আঁকা আছে দেখতে পেয়ে শিক্ষককে জানায়। পরে শিক্ষক তার শার্টের হাতা খুলে ডান হাতে রক্তাক্ত তিমির ছবি দেখতে পায়। এ সময় তার ব্যবহৃত মোবাইলে হাত কেটে তিমির ছবি আঁকার  ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে। যা সে রবিবার রাতে ব্লেড দিয়ে কেটে কেটে তৈরি করে।
 
রাকিব জানায়, সে কিছুদিন আগে মোবাইলে একটি গেম ডাউনলোড করেছিল। কিন্ত পরে তা আনইনস্টল করে দিয়েছে। রবিবার রাতে কৌতুহলবসত সে তার হাতে তিমি মাছের ছবিটি এঁকেছে বলে জানায়। আগে গেমে ডাউনলোড করার কথা বলেও পরে অস্বীকার করে।
 
রাকিবের মা রাহিমা খাতুন বলেন, আমার ছেলে গেমে আসক্ত হয়ে গেছে আগে খেয়াল করিনি। আমি তার ঘরে খুব কম যাই। কিছুদিন ধরে সে আগের থেকে বেশি রাগারাগি করছে। সাধারণ বিষয়ে নিয়ে রাগ করে ঘরের জিনিসপত্র ভাংচুর করেছে। যা আগে তার মধ্যে দেখিনি।
 
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনেছি। সে কোন গেমে আসক্ত কি না তা পরিদর্শন করতে তার বাড়িতে পুলিশ অফিসার পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি