লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বহুল আলোচিত ব্লু হোয়েল গেম খেলায় আসক্ত এক ছাত্রের সন্ধান মিলেছে। ৪১ ধাপ খেলার পর ওই শিক্ষার্থীর আচার-আচরণে সাংঘাতিক পরিবর্তন ধরা পড়ায় বর্তমানে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, উপজেলার ধবলসুতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র শাহিনুর রহমান (১৪) গত মাস থেকে ব্লু হোয়েল গেম খেলায় আসক্ত হয়ে পড়ে। সোমবার নবম শ্রেণির বাংলা ক্লাস চলার সময় ছাত্রটির আচরণ কথা-বার্তা সন্দেহ হয়।
ওই শ্রেণির বাংলা শিক্ষক আবু তাহের শিক্ষার্থীকে একান্তে জিজ্ঞাসা করলে প্রথমে ব্লু হোয়েল গেম খেলার কথা অস্বীকার করলেও পরে স্বীকার করে। একাধিক শিক্ষক জানান, শাহিনুর ১ মাস ধরে ব্লু হোয়েল খেলে আসছে। সে ৪১ ধাপ পর্যন্ত খেলছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম বলেন, ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিষয়টি জানিয়েছেন। শিক্ষার্থীকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার জন্য বলা হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দেখা হবে।
ইত্তেফাক/আরকেজি
