বিদ্যুৎ বিভাগ পরিচালিত ভ্রাম্যমান আদালতকে লাঞ্ছিত করায় শেরপুর জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (নালিতাবাড়ী উপজেলা) সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জেলা পরিষদ সদস্যের নাম হাফিজুর রহমান খোকন। তাকে অন্তঃবর্তীকালীন আটকাদেশ দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ময়মনসিংহ বিদ্যুৎ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবিনা পারভিন এ আদেশ প্রদান করেন।
সূত্র জানায়, নালিতাবাড়ীর শহরতলী গ্রাম কালিনগরে আব্দুল মজিদের মালিকানাধীন রাইচমিল, সেচ পাম্প ও বসতবাড়ি মিলে যথাক্রমে ৭৪ হাজার, ৬৮ হাজার ও ৫৪ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া ছিল।
সোমবার ময়মনসিংহ বিদ্যুৎ আদালত নালিতাবাড়ী উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ওইদিন বিকেলে আব্দুল মজিদের মালিকানাধীন পিডিবি’র সংযোগকৃত ওই তিনটি বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে যায়।
এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক রুবিনা পারভিন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গালাগাল করে এবং বেঁধে রাখতে হুমকি দেয় শেরপুর জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান খোকন।
এতে ভ্রাম্যমান আদালত বিদ্যুৎ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামী ২৯ অক্টোবর পরবর্তী শুনানী পর্যন্ত অন্তঃবর্তীকালীন আটকাদেশ প্রদান করেন। পরে তাকে শেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
নালিতাবাড়ী থানার এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
