তেজগাঁও থেকে অপহৃত রিয়াসাতকে গ্রেফতার দেখাল র‌্যাব

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০১:১৮

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপহরণের শিকার রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রাকে (২৮) জঙ্গি সংশ্লিস্টতার অভিযোগে গ্রেফতার দেখিয়েছে র্যাব। তিনি জঙ্গি সংগঠন ব্রিগেড আদ্-দার-ই-কুতনীর সদস্য বলে র্যাব দাবি করেছে।

রিয়াসাতের মা সৈয়দা হোসনে জাহান ডালিয়ার অভিযোগ করেন, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে তেজগাঁও থানাধীন পুরাতন বিমানবন্দর সড়ক থেকে তার ছেলেকে অপহরণ করা হয়। একটি মাইক্রোবাসে করে পাঁচ-ছয়জন লোক তাকে তুলে নিয়ে যায়।  এ ঘটনায় সৈয়দা হোসনে জাহান ডালিয়া বাদী হয়ে তেজগাঁও থানায় একটি জিডি করেন।

গতকাল সোমবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রাকে গ্রেফতার করা হয়। গত ২১ সেপ্টেম্বর দক্ষিণ বনশ্রীর বাসা থেকে আদ্-দার-ই-কুতনীর কমান্ডার র্যাম্প মডেল ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মেহেদী সংগঠনের সদস্য রিয়াসাতের নাম বলেন।

রিসায়াতের মা সৈয়দা হোসনে জাহান ডালিয়া গতকাল বলেন, ‘আমার ছেলে কখনই কোন জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারে না। সে তাবলীগ কার্যক্রমের সঙ্গে জড়িত। ইসলামে যে জঙ্গি কার্যক্রমের অবস্থান নেই- সেটা আমরা ভালভাবে জানি।’

ইত্তেফাক/নূহু