আমতলীতে স্কুলের পাশে কৃষি জমিতে ইটভাটা!

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০২:৩৭

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামে স্কুলের পাশে কৃষি জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হয়েছে। এতে সমতল ভূমি ও কৃষি জমি যেমন নষ্ট হচ্ছে তেমনি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।

হারুন নামে এক ব্যক্তি পরিবেশ অধিদপ্তর ও সরকারি নিতিমালার তোয়াক্কা না করে ইটভাটাটি নির্মাণ করছে। এর পাশেই রয়েছে ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইটভাটা নির্মাণের পরিপত্রে উল্লেখ্য আছে- ইটভাটা স্থাপন করতে হলে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী হাইব্রিড হফম্যান, জিগ-জ্যাগ, ভার্টিক্যাল শ্যাফট কিলন অথবা পরীক্ষিত নতুন প্রযুক্তির পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন করার বিধান রয়েছে। কিন্তু সরকারের নীতিমালা অমান্য করে পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়াই এটি নির্মাণ করা হযেছে।

ইটভাটার মালিক হারুন মিয়া বলেন, আমতলীতে যতগুলো ইটভাটা আছে কারো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, আমারো নেই।

ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন বলেন, স্কুলের পাশে কৃষি জমিতে ইটভাটা করতে নিষেধ করলেও হারুন কোনো কথা না শুনে গায়ের জোরে করেছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. রেজাউল করিম বলেন, অবৈধভাবে  ইটভাটা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/নূহু