বাবুগঞ্জে শিশু ধর্ষণ অভিযোগে ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১১:০৫
 
বরিশালের বাবুগঞ্জে দুই ব্যবসায়ী কর্তৃক পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাত ৮ টার ভুক্তভোগীর নানী বাদী হয়ে উপজেলার লোহালিয়া গ্রামের মৃত অমল চন্দ্র পালের ছেলে সুভাষ চন্দ্রপাল (৫০) ও অরুন চন্দ্রপালকে (৪৫) আসামি করে বাবুগঞ্জ থানায় এ মামলা করেন।
 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বাবুগঞ্জ বাজার এলাকার ওই মেয়ে শিশুকে অরুন ও সুভাষ পাল (৫০) চকলেটের প্রলোভন দেখিয়ে নিজেদের একটি দোকানের পেছনে ডেকে নিয়ে তাকে মুখ চেপে একাধিকবার ধর্ষণ করে।
 
মামলার বাদী ধর্ষিতার নানী জানান, ঘটনার দিন বাসায় গিয়ে তার নাতনীকে খুঁজে না পেয়ে তার মেয়ে সহ খুঁজতে বের হলে বাবুগঞ্জ বাজারস্থ স্টিলব্রিজ এলাকায় নাতনীকে অস্বাভাবিক অবস্থায় কান্না করতে দেখে কারণ জিজ্ঞাসা করলে ভুক্তভোগী ধর্ষণের ঘটনার বর্ণনা দেয়। এদিকে শিশু কন্যা ধর্ষণের ঘটনায় বাবুগঞ্জে সর্বোচ্চ মহলে বিচারের দাবিতে তোলপাড় শুরু হয়েছে।
 
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বলেন, শিশু ধর্ষণের মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/জামান