খাদ্যে স্বয়ং সম্পুর্নতা অর্জন করতে আমিষের উৎপাদন বাড়াতে হবে: প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৩৩
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ধান, গম উৎপাদন করেই খাদ্যে স্বয়ং সম্পুর্ন হওয়া যাবে না। খাদ্য ঘাটতি তথা স্বয়ং সম্পুর্নতা অর্জন করতে হলে আমিষ জাতীয় খাবার দুধ, ডিম, মাংসেরও উৎপাদন বাড়াতে হবে। গুরুত্ব দিতে হবে গৃহপালিত পশু পালনের উপর।
 
তিনি মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে উত্তরবঙ্গের প্রাণি সম্পদ গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীদের বার্ষিক রিভিউ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 
তিনি বলেন, ২০৫০ সালে যে পরিমান মানুষ বাড়বে সে অনুযায়ী প্রায় দ্বিগুনের মতো আমিষের উৎপাদন বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমিষেও স্বয়ংসম্পুর্নতা অর্জনে কাজ করছি।
 
বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক ভিসি প্রফেসর ড. এরশাদুজ্জামান, প্রফেসর ড. এস এম মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক, ইউএনও শেহেলী লায়লা প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি