নিষেধাজ্ঞা কমলো গুনাথিলাকার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৩৯
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওয়ানডে ক্রিকেটে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন শ্রীলংকার বাঁ-হাতি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। তবে নিষেধাজ্ঞা কমিয়ে আনলো শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তিন ম্যাচের জন্য গুনাথিলাকাকে নিষিদ্ধ করলো এসএলসি। তবে বার্ষিক চুক্তির ফি থেকে গুনাথিলাকার ২০ শতাংশ জরিমানা বহাল রাখা হয়েছে। আজ এক বিবৃতিতে এ কথা জানায় এসএলসি। 
 
পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবেন গুনাথিলাকা- এসএলসির পক্ষ এ কথা জানানো হয়েছে।
 
আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সংক্ষিপ্ত ভার্সনের এ সিরিজের জন্য শুক্রবারের পর দল ঘোষণা করবে এসএলসি। টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। এই লাহোরেই ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট বাসের উপর সন্ত্রাসী হামলা হয়েছিলো। ওই হামলার পর আর কোন আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে আসেনি। 
 
শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি আপিলের পরিপ্রেক্ষিতে গুনাথিলাকার নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
 
গত আগস্টে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন দলের একটি অনুশীলন সেশন মিস করেন গুনাথিলাকা। সেই সাথে অনুশীলনে ও ম্যাচ চলাকালীন অখেলোয়াড়সুলভ আচরণও করেন তিনি। তাই গুনাথিলাকার বিপক্ষে শাস্তি হিসেবে ছয় ওয়ানডে নিষেধাজ্ঞা এনেছিলো এসএলসি। দেশের মাটিতে সিরিজের প্রত্যকটি ম্যাচই হেরেছিলো শ্রীলঙ্কা। 
 
তবে গুনাথিলাকার বিপক্ষে ২০ শতাংশ বার্ষিক ম্যাচ ফি বহাল রাখা হয়েছে। নিষেধাজ্ঞার পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে সুযোগ পাননি গুনাথিলাকা। চলতি বছর ১২ ওয়ানডেতে ৪২ দশমিক ৪১ গড়ে ৫০৯ রান করেছেন গুনাথিলাকা। এরমধ্যে চারটি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিও ছিলো।
 
ইত্তেফাক/রেজা