রাজাপুরে সরকারি বই বিক্রি, জব্দ করলো এলাকাবাসী

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৫২
 
ঝালকাঠির রাজাপুরের ৮৫নং উত্তর কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে বইগুলো বিক্রির পর তা নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তা জব্দ করে।
 
এ বিষয়ে ইউএনও আফরোজা বেগম পারুলকে অবহিত করা হয়। তার নির্দেশে পুলিশ ও শিক্ষা কর্মকর্তারা বই উদ্ধার করেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানা যায়। এসআই আব্দুস সালাম জানান, বই বিক্রির অভিযোগে একটি জিডি হয়েছে।
 
জানা গেছে, প্রধান শিক্ষক এস্কেন্দার আলী ফরাজি স্কুলের হাজিরা খাতাসহ ২০১৭, ১৬, ১৫ সালের বিভিন্ন শ্রেণির নতুন ও পুরাতন প্রায় ৩শ’ বই ৭টাকা করে ৬২ কেজি বই বিক্রি করেন। ভ্রাম্যমাণ ক্রেতা কুষ্টিয়ার কুমারখালির মির্জাপুর গ্রামের মো. আলী বইগুলি নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী জব্দ করে।
 
এস্কেন্দার আলী ফরাজি বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা স্কুল পরিদর্শনে আসবেন বলে কক্ষগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন কারার জন্য পুরাতন বই বিক্রি করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বই জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ আরকেজি