জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগে তরিকুল ইসলামকে সভাপতি ও শেখ জয়নাল আবেদীন রাসেলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের ছয় মাস পার হওয়ার পর নতুন এ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলাম তুর্যকে সভাপতি ও শেখ জয়নুল আবেদিন রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১৭ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন ও একজন করে প্রচার সম্পাদক ও দফতর সম্পাদক মনোনিত করা হয়েছে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ২০টি বিভিন্ন পদে মনোনয়ন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নাল আবেদীন রাসেল কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে কথা বলেন। এ সময় সভাপতি বলেন, জগন্নাথ ছাত্রলীগে কোন দলবাজী বা গ্রুপিং থাকবেনা, সবাইকে সাথে নিয়ে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করব। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
ইত্তেফাক/এমআই
