মঠবাড়িয়ায় ছাত্রদলের অফিসে ছাত্রলীগের হামলা, আহত ৪

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:৩৩
 
মঠবাড়িয়ায় ছাত্রদলের অফিসে ছাত্রলীগের ভাংচুর ও হামলায় চার নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বাজারের রুটি পট্রিতে ছাত্রদলের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে  এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. নাইম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন মল্লিক, ছাত্রদল নেতা মর্তুজা হোসেন ও আরমান ওলি আহত হয়েছেন।
 
ছাত্রদলের দাবি, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। অপরদিকে হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ বলছে, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের নেতাকর্মীরাই হামলা চালিয়ে তাদের অফিস ভাংচুর করেছে।
 
ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জানান, দুপুরের দিকে কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে প্রস্তুতি সভা চলছিল। এসময়  ২০-৩০জন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের অফিসে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার, টেবিল,আসবাবপত্র ভাংচুর এবং চার  নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।
 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত ছাত্রদলের কার্যালয়ে হামলার কথা অস্বীকার করে বলেন, কলেজে ইয়ার কমিটি গঠন নিয়ে ছাত্রদলের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে নিজ দলের নেতাকর্মীরাই এ হামলা চালিয়ে তাদের অফিস ভাংচুর করেছে। ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি