সিংড়ায় গুলি করে হত্যার পর মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:৪৯
 
নাটোরের সিংড়ায় দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল চালক হামিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত ও অপর আরোহী রবিউল গুরুতর আহত হয়েছেন। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। উপজেলার ধানহাট এলাকায় মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা  ঘটে।
 
হামিদুল উপজেলার দড়ি মহিষমারী গ্রামের নেকবর আলীর ছেলে এবং রবিউল মহিষমারী গ্রামের খলিলুর রহমানের ছেলে। রবিউলকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
সিংড়া থানার ওসি মনিরল ইসলাম জানান, দড়ি মহিষমারী থেকে হামিদুল ও রবিউল মোটরসাইকেলযোগে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার হাতিয়ানন্দহ ধানহাট এলাকায় পৌঁছলে তাদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে আহত হয়ে তারা দুইজনই মোটরসাইকেল থেকে পড়ে যান। গুলিবিদ্ধ হামিদুল ঘটনাস্থলেই মারা যান।
 
রবিউল গুরুতর আহত হন। এসময় তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে রিভলবার উদ্ধার করেছে। পরে পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ইত্তেফাক/আরকেজি