রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে র্যাব-২ এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চারায়। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। এছাড়াও অভিযান পরিচালনার সময় পাসপোর্ট অফিসের সামনে রাস্তার উপরে ও পাশে অবৈধভাবে গড়ে উঠা সাতটি দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
সাজা প্রাপ্তদের মধ্যে সোহাগ সিকদার, মানিক, খোকন মিয়া ও হেলালকে ৬ মাসের কারাদণ্ড এবং আলম, জীবন সিকদার, মামুন হোসেন হাওলাদার, তুহিন মিয়া, সুমন মন্ডল, মামুন, রুবেল হোসেন, মনা, জসিম গাজী ও আরিফ হোসেনকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া নুর মোহাম্মদ পান্নু, আইনাল হক, আমজাদ হোসেন ও মিনারা বেগমকে ২ মাসের কারাদণ্ড এবং সুলাইমান সরকার ও দারোগ আলীকে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়।
ইত্তেফাক/এমাআই
