অক্টোবর বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আদ্-দ্বীন হাসপাতালের বিনামূল্যে পরামর্শ ও সেবা নিয়ে সন্তুষ্ট সেবা নিতে আসা নারীরা।
তারা জানান, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে আদ্-দ্বীন হাসপাতালের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর ফলে অনেক মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এই সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।
অক্টোবর মাস বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে গত ১০ অক্টোবর থেকে আদ্-দ্বীন হাসপাতাল বিনামূল্যে পরামর্শ ও সেবা প্রদান করছে। সেই সঙ্গে বিনামূল্যে নারীর স্তন পরীক্ষা ও ম্যামোগ্রাফি করা হচ্ছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চলছে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
স্তন ক্যান্সার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাদিয়া আরমিন খান বলেন, স্তনের কোনো অংশে চাকা হয়ে যাওয়া, স্তনের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া, স্তনবৃন্তের আকার ও রং এর পরিবর্তন এবং আশপাশে ফুসকুড়ি দেখা যাওয়া, স্তন বৃন্ত থেকে রক্ত বা তরল পদার্থ বের হওয়া এবং বগল ফুলে যাওয়া বা চাকা দেখা যাওয়াকে সাধারণত স্তন ক্যান্সারের লক্ষণ হিসেবে ধরা হয়। নিয়মিত পরীক্ষা ও সচেতনতার মাধ্যমে এই মরণব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
সেবা নিতে নওগাঁ থেকে আসা ফরিদা নুর (৫০) জানান, ঢাকায় তারা চিকিৎসক মেয়ের মাধ্যমে তিনি বিমানমূল্যে স্তন ক্যান্সার পরীক্ষার কথা জানেন। সেবা নিতে পেরে তিনি সন্তুষ্ট।
তিনি জানান, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা এই রোগের লক্ষণ দেখা দিলে লজ্জায় বা ভয়ে লুকিয়ে রাখেন। পরে দেখা যায় সেটা বড় আকার ধারণ করে। আদ্-দ্বীনের এই সচেতনতামূলক কার্যক্রমের ফলে অনেক মানুষ উপকৃত হবেন। রোগটি সম্পর্কে জানতে পারবেন। সময় মতো প্রতিরোধ করা সম্ভব হবে।
যাত্রা বাড়ি থেকে আসা রোখসানা বেগম (৩০) জানান, এটা আদ্-দ্বীন হাসপাতালের ভালো একটা উদ্যোগ। এখানে এসে ৮০০ টাকার মেমোগ্রাফি বিনামূল্যে করাতে পারছি। অনেকেই পরামর্শ ও সেবা নিয়ে উপকৃত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ২২ বছর বয়সী এক নারী জানান, আমার কোনো সমস্যা নাই। তারপরও ভবিষ্যতে ভালো থাকার জন্য স্তন পরীক্ষা করাতে এসেছি। যাতে সময় মতো সচেতন হয়ে এই রোগ প্রতিরোধ করা যায়।
হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে প্রতি ৮ জন নারীর মধ্যে এক জনের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আমরা এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এ ধরনের উদ্যোগ নিয়েছি।
তিনি আরো জানান, প্রতি বছরই আদ্-দ্বীন হাসতালের এই বিনামূল্যে পরামর্শ ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। গত বারের তুলনায় এবার সাড়া পাচ্ছি ভালো। প্রতিদিন ৩০ জন নারী এই সেবা গ্রহণ করছে। যাদের প্রয়োজন হচ্ছে তাদের স্তন পরীক্ষা করা হচ্ছে এবং মেমোগ্রাফি করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
