সফরে ভারতীয় বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে সীমিত ওভারের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ হারলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারীরা আজ ৩০ রানে হেরে গেছে।
ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৫ রান করে ভারত প্রেসিডেন্ট একাদশ। দলের পক্ষে করুন নায়ার ৬৪ বলে ৭৮, লোকেশ রাহুল ৭৫ বলে ৬৮ ও পৃথিবি শ ৮০ বলে ৬৬ রান করেন। উদ্বোধনী জুটিতে শ ও রাহুল ১৫১ বলে ১৪৭ রান করেন। নিউজিল্যান্ডের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট ৩৮ রানে ৫ উইকেট নেন।
জবাবে ১৪ বল হাতে রেখে ২৬৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে টম লাথাম ৫৯, অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৭ ও রস টেইলর ৩৪ রান করেন।
আগামী ১৯ অক্টোবর একই দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এরপর ২২ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ১ নভেম্বর থেকে তিনটি টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরু করবে কিউইরা। বাসস।
ইত্তেফাক/রেজা
