দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর সীমান্তে ও বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের দক্ষিণ প্রান্তে বগী বাজার খালের ওপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে।
জানা গেছে, জনগুরুত্বপূর্ণ বগী বাজার খালের ওপর ব্রিজটি দিয়ে দশমিনা উপজেলার গছানি, বাঁশবাড়িয়া ও বাউফল উপজেলার কালইয়া, দাশপাড়া, বগীসহ দুই উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ব্রিজটি সংস্কার না করায় দীর্ঘদিন যাবত্ অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে। বর্তমানে ঐ ব্রিজে জোড়াতালি দিয়ে চলছে চলাচল।
২০০ ফুট আয়তনের এ ব্রিজটি উত্তর দিকে হেলে পড়ে রয়েছে। ঠিক কত বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেন না। ব্রিজের অধিকাংশ স্লিপার নেই। স্থানীয়রা বলেন, ব্রিজটি কাঠ ও বাঁশের মাধ্যমে জোড়াতালি দিয়ে ব্যবহার করায় স্কুলগামী ছোট ছোট কোমলমতি শিশুসহ সকল বয়সের সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়াও রয়েছে দুস্থ অসহায় সাধারণ মানুষের চিকিত্সা সেবার একমাত্র মাধ্যম “টিডিএইচ-নেদাল্যান্ডস”-এর একটি অত্যাধুনিক হাসপাতাল। ওই হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হয়। স্থানীয় ফারুখ ফরাজী, ইউনুচ গাজী ও সাবেক ইউপি সদস্য মো. শাহবুদ্দিন বলেন, ব্রিজটিতে বাঁশ-কাঠের জোড়াতালি দিয়ে লোকজনের পারাপারের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ব্রিজটি সংস্কারের বিষয়ে জানতে চাইলে দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকত বলেন, ব্রিজটি সংস্কারের অভাবে সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটির ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হচ্ছে না।
ইত্তেফাক/নূহু
