খুলনায় তেরখাদা উপজেলায় গোবিন্দ মল্লিক (৩৮) নামে এক কৃষক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে অর্জুনা বলর্দ্বনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে একটি অনুষ্ঠান শেষে গোবিন্দ মল্লিক তার বংশের চার/পাঁচজন সহকারে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গোবিন্দসহ সবাইই কমবেশি আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, উক্ত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ইত্তেফাক/এএম।
