চিত্রনায়িকা শাবনূর, ঢাকাই চলচ্চিত্রে অসংখ্য ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রে একেবারেই অনুপস্থিত থাকলেও সম্প্রতি দর্শকের সামনে আসছেন তিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে ‘এতো প্রেম এতো মায়া’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিবেন।
খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। তিনি বলেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে টাঙ্গাইলে ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার শুটিংয়ে শাবনূর অংশ নিবেন। এর আগেও ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার কিছু কাজ শেষ করেছি। তখন শাবনূর অংশ নেননি। দীর্ঘ বিরতি ভেঙ্গে এ সিনেমার মাধ্যমে নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। নভেম্বর মাসেই ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার শুটিং শেষ হবে।
‘চলচ্চিত্রকে ভালোবাসি বলেই আবারও অভিনয়ে ফিরছি। এত প্রেম এত মায়া চলচ্চিত্রটির বেশিরভাগ কাজ শেষ করেছি। বাকিটুকু আগামী মাসে শেষ করবো।’ নিজের ফেরার বিষয়ে সম্প্রতি এভাবেই জানান অভিনেত্রী শাবনূর।
বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছেন অভিনেত্রী শাবনূর। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তার বাবা শাহজাহান চৌধুরী।
ইত্তেফাক/আনিসুর
