হাটহাজারীতে চোর সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। বুধবার ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কালা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জনরোষ থেকে তাদের উদ্ধার করেছে।
গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা হলেন- মুন্না (১৯), আবদুর রহমান (২০) ও জাবেদ আলী (৪১)। তারা সবাই কক্সবাজার জেলাধীন কক্সবাজার থানা এলাকার বাসিন্দা ও চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো ছত্তরঘোনা আমিন কলোনিতে বসবাস করে।
সূত্র জানান, ভোরে ওই তিন ব্যক্তি চারিয়া কালা গাজীর বাড়িতে চুরি করতে যায়। এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশের এএসআই আবদুল আজিজ সকাল সাড়ে আটটায় ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে নিয়ে যান।
থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/জামান
