টেস্ট ও ওয়ানডেতে লিগ শুরু হবে লিগভিত্তিক প্রতিযোগিতার ব্যাপারে আইসিসি নীতিগত অনুমোদন দিয়েছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ক’দিন আগে এ ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে সেখানে সবাই একমত হয়েছিল। কিন্তু এবার পাকিস্তান বলছে ভারতের বিপক্ষে সিরিজ না হলে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওয়ানডে লিগে স্বীকৃতি দেবে না।
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৩ সাল পর্যন্ত মোট ৬টি দ্বিপক্ষীয় সিরিজ খেলার ব্যাপারে মতৈক্য হয়েছিল। ২০১৪ সালে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারকেও সই করে দুই পক্ষ। কিন্তু সেই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে এখনো কোনো সিরিজ খেলতে রাজি হয়নি ভারত। এখন টেস্ট ও ওয়ানডে লিগকে সামনে রেখে দ্বিপাক্ষিক সেই দরকষাকষির বিষয়টি সামনে নিয়ে আসল পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নজম শেঠি বলেন, ‘আমরা আইসিসির টেস্ট ও ওয়ানডে লিগের ব্যাপারে তখনই সম্মতি দেব, যখন ভারত ২০১৪ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে সম্মান জানিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেবে।’
আইসিসির প্রস্তাব অনুযায়ী ২০১৯ বিশ্বকাপের পর শীর্ষ নয় দলকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা। এ সময়ে প্রত্যেকটি দল কমপক্ষে তিনটি হোম ও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলবে। ২০২১ সালের এপ্রিলের মধ্যে শীর্ষে থাকা দু’দলের মধ্যে হবে ফাইনাল। যে দুটো দল শীর্ষে থাকবে, তারা সে বছর জুনে ইংল্যান্ডে ফাইনাল খেলবে।
আর ১৩ দল নিয়ে ২০২০-২১ মৌসুম থেকে প্রস্তাবিত ওয়ানডে লিগ শেষ হবে ২০২৩ সালে। এ সময়ে তিন ম্যাচের আটটি করে সিরিজ খেলার সুযোগ পাবে প্রতিটি দল।
ইত্তেফাক/কেআই
