আত্রাইয়ে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৪৯
 
নওগাঁর আত্রাইয়ে ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গারি বিল থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের পত্তবার গাড়ি নামক বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
 
জানা গেছে, দুপুর ১টার দিকে উপজেলার পত্তবার গারি বিলে একটি লাশ ভেঁসে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
 
পুলিশ জানা, লাশটির পরনে সাদা রঙ্গের গেঞ্জিতে মহান মে দিবস-২০১৭, দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ি বাসষ্টান্ড লিখা ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো উপজাতি এবং দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বুধবার নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। 
 
আত্রাই থানার ওসি মো. মোবারক হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে