হরিণাকুণ্ডে একইস্থানে আওয়ামী লীগের দু’গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৬:৫১
ঝিনাইহের হরিণাকুণ্ডু উপজেলার পার মথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময়ে সভা ডাকায় সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 
 
হরিণাকুণ্ডু থানার ওসি কে এম শওকত হোসেন জানান, বুধবার বিকালে অওয়ামী লীগের ফজলুর রহমান গ্রুপ দলের এক সাংগঠনিক সভা ডাকে। একই স্থানে তার প্রতিপক্ষ গোলাম মোস্তফা গ্রুপ কর্মী সভা ডাকে। সংঘর্ষের আশংকায় হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। স্কুল মাঠে পুলিশ মোতায়েন করা হয়। কোন পক্ষই সেখানে সভা করতে পারেনি। 
 
চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা বলেন, কিছুদিন আগে দলের কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার তিনি পার মথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে কর্মী সভা ডাকেন। এ সভা বানচাল করতে সাবেক সভাপতি ফজলুর রহমান পাল্টা সভা ডাকেন। 
 
ফজলুর রহমান বলেন, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন করেনি উপজেলা কমিটি। তিনি এখনও সভাপতি আছেন। বুধবার বিকালে পার মথুরাপুর প্রাইমারি স্কুল মাঠে কর্মীসভা ডাকেন। এ সভা বানচাল করতে প্রতিপক্ষ গ্রুপ একই স্থানে সভা ডাকে।   
 
ইত্তেফাক/এমআই