বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:০২
 
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
 
বুধবার দুপুর ২ টার পর থেকেই রাজধানী ও আশপাশের এলাকার নেতাকর্মীরা আসতে শুরু করেন। মিছিলের পর মিছিল আসছে। লোকারণ্য হয়ে উঠেছে পুরো এলাকা।
 
বিমানবন্দরের দক্ষিণ দিকে নিকুঞ্জ ও উত্তর দিকে জসিমউদ্দিন পর্যন্ত সড়কের দুই পাশ ও ইতিমধ্যেই ভরে গেছে। ওই এলাকায় বেলা কমার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি।
 
বিভিন্ন ধরনের প্ল্যাকাড, ব্যানার, ফেস্টুন হাতে স্লোগানে স্নোগানে নেতাকর্মীরা মাতিয়ে তুলছেন। এদিকে বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। বিমানবন্দরের গোলচত্ত্বর থেকে পশ্চিম দিকে কাউকে পুলিশ ঢুকতে দিচ্ছে না।
 
বুধবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন খালেদা জিয়া। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে লন্ডনের বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। দুবাইয়ে আড়াই ঘণ্টা যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বিএনপি প্রধান।
 
বিমান থেকে অবতরণের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকার অনুমতি দেয়া হয়েছে।
 
বিএনপি সূত্র জানান, বিমানবন্দররের ভেতরে থাকার জন্য বিএনপির ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের অনুমতি চাওয়া হয়েছিল। তবে বিমান কর্তৃপক্ষ চারজনকে অনুমতি দিয়েছেন। বিমান থেকে বেগম জিয়া অবতরণ করার তারা অভ্যর্থনা জানিয়ে রিসিভ করবেন।
 
যাদেরকে বিমানবন্দরের থাকার অনুমতি দেয়া হয়েছে তারা হলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা ও গুলশান কার্যালয়ের কর্মচারী জসিম।
 
শারিরীক চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া, সেখানে বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন। তারেক রহমান স্ত্রী-কন্যা এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী-কন্যাদের সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। তবে লন্ডন কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি তিনি।
 
ইত্তেফাক/কেকে