ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:২০
 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ক-ইউনিট এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। 
 
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। 
 
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 
 
গত ১৩ অক্টোবর ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৮৯ হাজার ৫০৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮২ হাজার ৪৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯ হাজার ২৬৭ জন উত্তীর্ণ হয়েছে। ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার ৬১০টি। 
 
ক-ইউনিটের পাশকৃত শিক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। 
 
ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। 
 
এদিকে চ-ইউনিটের ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৪৭৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ হাজার ৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০৪ জন উত্তীর্ণ হয়েছে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি। উভয় পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
 
চ-ইউনিটের পাসকৃত সকল ছাত্র-ছাত্রীদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কোটার ফরম ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
 
আগামী ৮ নভেম্বর ওয়েবসাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে। বাসস
 
ইত্তেফাক/কেকে