ছিনতাইকারীর চাপাতির কোপে দুই পুলিশ আহত, গ্রেফতার ৪

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৯:০০
রাজধানীর হাজারীবাগের ভেড়িবাধে ছিনতাইকারীর চাপাতির কোপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- হাজারীবাগ থানার এএসআই ইমতিয়াজ হোসেন ও কনস্টেবল গোলাম আজম। মঙ্গলবার রাত ২টার দিকের এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে গোলাম আজমের অবস্থা গুরুতর। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
হাজারীবাগ থানার এসআই কমল কৃষ্ণ সাহা জানান, রাতে পুলিশের গাড়িসহ ভেড়িবাধ এলাকায় তারা টহল ডিউটি করছিলেন। ভেড়িবাধের আরএস ফিলিং স্টেশন ও মাহাতাব ফিলিং স্টেশনের মাঝামাঝি এক রিকশার ২/৩ জন যাত্রী অভিযোগ করেন, কয়েকজন ছিনতাইকারী তাদের টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে। পরে তারা অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের ধরতে গেলে ওই জায়গার পাশে একটি ঝোপের মধ্যে কয়েকজনের কথার আওয়াজ শুনতে পায়। এরপর ঝোপের ভিতর গিয়ে ছিনতাইকারীদের ধরতে গেলে তাদের হাতে থাকা চাপাতি দিয়ে এএসআই ইমতিয়াজ ও কনেস্টবল আজমকে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে আজমের মুখে ও বাম হাতে এবং ইমতিয়াজের মাথায় সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী সাগর, রনি, বাবু ও সবুজকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই