গাইবান্ধার সাঘাটা উপজেলায় খুর দিয়ে আলম মিয়া (৩৬) নামে এক মোটরপার্স দোকানদারকে হত্যা করা হয়েছে। উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আলম উপজেলার শিমুলতাইল গ্রামের সোফায়েত উল্লার ছেলে।
বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সিরিয়াল নিয়ে বোনারপাড়া স্ট্যান্ডে সকাল ১০টার দিকে দোকানদার আলম মিয়ার ছোট ভাই সিএনজি অটোরিকশা চালক আমজাদ মিয়ার সাথে অপর চালক পারভেজের কথা কাটাকাটি হয়। এসময় আলম মিয়া দোকান থেকে উঠে এসে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দিয়ে পরে সন্ধ্যায় আবারো সালিস বৈঠক করার কথা বলে দোকানে চলে যান।
দুপুর ১টার দিকে আলম দোকান থেকে বোনারপাড়া কাজী আজাহার আলী মডেল উচ্চ বিদ্যালয় জামে মসজিদে যহরের নামায পড়তে রওনা হন। পথিমধ্যে ওই স্কুলের প্রধান ফটকের কাছে ওই ঘটনার জের ধরে পারভেজ, বাবু মিয়া ও সমুন মিয়া তার পথরোধ করে। এরপর কোন কিছু বুঝে ওঠার আগেই তারা খুর দিয়ে আলম মিয়ার শরীর ক্ষত-বিক্ষত করে পালিয়ে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইত্তেফাক/আরকেজি
