আক্কেলপুরে ৫ ভুয়া র্যাব সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
তারা হলেন-আলমডাঙ্গা উপজেলার ধুলাইচর গ্রামের আব্দুর রউফের ছেলে কেরামত আলী (৪৫), তারাশ উপজেলার ঘোর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (২৫), গাবতলী উপজেলার পারফাগুলা গ্রামের ইব্রাহিমের ছেলে সুরুজ মিয়া (৫০) আক্কেলপুর উপজেলার মানিকপাড়ার আনারুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৪) ও কেরানীগঞ্জ গোলাপ বাজার গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩২)।
থানা সূত্রে জানা গেছে, বগুড়ার দুপঁচাচিয়া ইসলামি ব্যাংক থেকে বুধবার বিকেলে আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ধান ব্যবসায়ী রাজ্জাকুল হোসেন দুলু ও তার ভগ্নিপতিসহ ৩ লাখ টাকা উত্তোলন করেন। দুপঁচাচিয়া থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সাজাপুরি এলাকায় দুটি প্রাইভেটকার তাদের সিএনজিটি থামায়। প্রাইভেটকারে থাকা লোকজন নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দেয়। দুলু ও তার ভগ্নিপতির নামে মামলা আছে বলে তাদের গাড়িতে উঠাতে চেষ্টা করে।
দুলু তাদের গাড়িতে উঠতে অস্বীকৃতি জানালে তার ভগ্নিপতি এমতাজকে ৩ লাখ টাকাসহ উঠিয়ে নিয়ে যায়। সাথে সাথে দুলু মোবাইল ফোনে আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীদের জানান। ক্ষেতলাল উপজেলার চৌমহনী নামকস্থান থেকে ওই ভুয়া র্যাব সদস্যদের আটক করা হয়। জনতা তাদের একটি গাড়ি পুড়িয়ে দেয়। আটককৃত ৫জনকে মারপিট করে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আক্কেরপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
