ডাকাতির চেষ্টাকালে ৪ শিক্ষার্থী আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২২:৩৭
 
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বেরং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
 
তারা হলেন- তেতুলিয়া উপজেলার শালবাহানহাট এলাকার আব্দুল আলিমের ছেলে মাসুদ (১৪), আব্দুল কাদেরের ছেলে খোকন (১৪), আব্দুল মজিদের ছেলে মজনু (১৪) ও শাহা আলমের ছেলে সলেমান (১৪)। এরা সকলেই তেতুলিয়া ভিপি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
 
পুলিশ জানায়, ছয়জনের একটি দল মঙ্গলবার রাতে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বেরং ব্রিজের কাছে ডাকাতির চেষ্টা করছিল। এসময় স্থানীয় লোকজন ৪জনকে আটক করে। দুইজন পালিয়ে যায়। পরে তেতুলিয়া থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা অভিযোগে তেতুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তেতুলিয়া থানার এসআই আশরাফ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বুধবার বিকেলে মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
 
মামলার আইও তেতুলিয়া থানার এসআই শওকত আকবর জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তেতুলিয়া আমলি আদালত ৪ এর বিচারক মো. জাহাঙ্গীর আলম ওই ৪ শিক্ষার্থীকে যশোর কিশোর উন্নয়ন ও সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
 
ইত্তেফাক/আরকেজি