নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় দিনব্যাপী গণঅনশন করেছে নড়িয়া উপজেলার সর্বস্তরের মানুষ। গতকাল বুধবার সকাল ১০টায় নড়িয়া উপজেলা কমপ্লেক্সের সামনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণঅনশনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। সকাল থেকেই নড়িয়া উপজেলার ভাঙনকবলিত এলাকার হাজারো মানুষ গণঅনশনে অংশ নেওয়ার জন্য শহীদ মিনার চত্বরে জড় হতে থাকে। সকাল ১১টা থেকে নদী ভাঙনের ভয়াবহতা নিয়ে বক্তব্য প্রদান শুরু হয়। এতে বক্তারা নদী ভাঙনে ভয়াবহতা থেকে রক্ষা পেতে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানায়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনশন চলবে বলে জানিয়েছে আয়োজকরা। দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা না হলে সামনে আরো বড় আন্দোলনের হুমকি দেয় অনশনে অংশ নেওয়া মানুষ।
গত দুই বছরে শুধু নড়িয়াতেই গৃহহীন হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছে এই উপজেলার অন্তত সাতটি শিক্ষা প্রতিষ্ঠান, ১৫টি মসজিদ মাদ্রাসা, তিনটি বাজারের অন্তত তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বর্ষা মৌসুমের শেষ সময়ে এসেও নদী ভাঙন অব্যাহত রয়েছে নড়িয়ার পদ্মা তীরবর্তী বিভিন্ন এলাকায়। ভাঙনের হুমকিতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়িয়া পৌর ভবন, নড়িয়া বাজারসহ বহু স্থাপনা।
ইত্তেফাক/নূহু
