বাবা খান আতা প্রসঙ্গে আজ কিছু বলবেন আগুন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:৩২
 
সম্প্রতি প্রয়াত প্রখ্যাত নির্মাতা খান আতাউর রহমানকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শোবিজের অনেকে। এ ইস্যুতে আজ সকাল ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করবে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।
 
সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে আরও থাকবেন খান আতাউর রহমানের ছেলে সঙ্গীতশিল্পী আগুন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘সংবাদ সম্মেলন বা কার্যক্রম বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে আমি সেখানে থাকবো। এফডিসিতে জনগণকে আমি কিছু একটা বলবো। সেটা আগে বলতে চাই না। সবার সামনেই আমি এ নিয়ে কথা বলবো।’
 
সম্মেলনের সময় খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি দেখানো হবে। এই আয়োজনের আহ্বায়ক অভিনেতা ফারুক।
 
উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কে একটি সাংস্কৃতিক অভিবাসী সমাবেশে খান আতাউর রহমান সম্পর্কে নাসিরউদ্দিন বাচ্চু নেতিবাচক মন্তব্য করেন। এমনকি ‘আবার তোরা মানুষ হ’ ছবিটিকে নেতিবাচক ছবি বলেন।
 
​ইত্তেফাক/আনিসুর