দেশে অশান্তি সৃষ্টি করবেন না : হাছান মাহমুদ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:১৩
 
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। 
 
তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, আপনি দেশে অশান্তি সৃষ্টি করবেন না। যদি দেশে অশান্তি করার অপচেষ্টা চালান তাহলে বাংলাদেশের মানুষ তার দাঁত ভাঙা জবাব দেবে।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। শহীদ শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
 
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। দেশকে অশান্ত করার চেষ্টা তার। যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
 
বুধবার খালেদা জিয়ার আগমন উপলক্ষে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়েছিল জানিয়ে হাছান মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের সতর্ক অবস্থান থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।
 
আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনে সংলাপের বিষয়ে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাব কোনো দলীয় প্রস্তাব নয়। কিন্তু বিএনপির প্রস্তাব হচ্ছে দলীয়। আমাদের প্রস্তাব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।
 
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে সভায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাস, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক খাজা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
 
ইত্তেফাক/কেকে